ট্রাকের ভেতর লুকিয়ে ডাকাতির প্রস্তুতি, পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ভেতরে বসে ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও

2026-08-26T16:38:58+00:00
2026-08-26T16:38:58+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
ট্রাকের ভেতর লুকিয়ে ডাকাতির প্রস্তুতি, পুলিশের অভিযানে গ্রেপ্তার ২
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ভেতরে বসে ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি নাম্বারপ্লেটবিহীন ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের হরদিবাজার সংলগ্ন বাসাবাসি এলাকায় এ অভিযান চালানো হয়। বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বিল্লাল হাওলাদার (৪৬) ও রবিন (৩৫)। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৩২৩১।

পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে নাগরী ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করছিল পুলিশ। একপর্যায়ে পূর্বাচল স্বাধীনতা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের ৫৬ নম্বর সেতুর উত্তর-পূর্ব পাশে সার্ভিস লেনে একটি ট্রাক দাঁড়িয়ে আছে। ট্রাকটির ভেতরে কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন এবং তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের আশপাশে থাকা ৮ থেকে ৯ জন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিল্লাল ও রবিনকে আটক করা সম্ভব হলেও অন্যরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

পরে আটক দুজনের দেখানো ও শনাক্তের ভিত্তিতে ট্রাকের ভেতরে তল্লাশি চালানো হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার বিল্লাল হাওলাদার বরগুনার তালতলী উপজেলার ছোটবাগী এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা রেল স্টেশন এলাকায় বসবাস করেন। অপর গ্রেপ্তার রবিন পটুয়াখালীর গলাচিপা উপজেলার খাইরুজ্জামান বাজার এলাকার মৃত দুলালের ছেলে। তিনি নারায়ণগঞ্জের পাগলা থানার বৌ-বাজার, বটতলা এলাকায় থাকেন।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের পরিচয় দিয়েছেন। পুলিশের দাবি, তারা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে ডাকাতির উদ্দেশ্যেই তারা ওই এলাকায় অবস্থান করছিলেন। তবে পুলিশের অভিযান শুরু হওয়ায় তাদের পরিকল্পনা সফল হওয়ার আগেই ভেস্তে যায়।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলার পর বুধবার দুপুরে গ্রেপ্তার বিল্লাল হাওলাদার ও রবিনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: