গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুমাইয়া আক্তার মিতু (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি গত বছর কোনাবাড়ী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
নিহত সুমাইয়া বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট সুমাইয়ার ডেঙ্গু শনাক্ত হয়। প্রথমদিকে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ২৫ আগস্ট তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।
সুমাইয়ার চাচা মাইনুল ইসলাম জানান, হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। অল্প বয়সে সুমাইয়ার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে গাজীপুরে ডেঙ্গুর সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পক্ষ থেকে ফগার মেশিনে ওষুধ ছিটানো হলেও সংক্রমণ কমছে না বলে স্থানীয়দের অভিযোগ।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগে গত ২৩ আগস্ট গাজীপুরের জরুন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাদিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। কয়েক দিনের ব্যবধানে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।