দিনাজপুর জেলা কারাগারে সাজার শেষ দিনে কয়েদির মৃত্যু
দিনাজপুর প্রতিবেদক
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:৪৮ পিএম
সংগৃহীত ছবি
দিনাজপুর জেলা কারাগারে ১০ দিনের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মো. নাদিম (৪৮) দিনাজপুর শহরের মিশন রোড এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ১০ দিনের সাজা পেয়ে গত ১৭ আগস্ট দিনাজপুর জেলা কারাগারে যান নাদিম। বুধবার তাঁর সাজা শেষ হওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী, পরদিন বৃহস্পতিবার তাঁর কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাদিম। পরে কারা কর্তৃপক্ষ দ্রুত তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষার পর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, নাদিমের মাদকাসক্তির ইতিহাস ছিল। তিনি মাঝেমধ্যে অচেতন হয়ে পড়ার সমস্যায়ও ভুগতেন।
দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্ত করা হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮