পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে এ শোভাযাত্রা বের করা হয়।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজ্জাদ্দেদী শোভাযাত্রায় নেতৃত্ব দেন। নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া জুলুসটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
জশনে জুলুসে জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা পায়ে হেঁটে ও বিভিন্ন যানবাহনে করে অংশ নেন। এ সময় নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সৈয়দ বাহাদুর শাহ মোজ্জাদ্দেদী বলেন, কুরআন-হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের অসংখ্য দলিল রয়েছে। যারা ঈদে মিলাদুন্নবীকে বিদআত বলে, তাদের সমালোচনা করে তিনি বক্তব্য দেন।
তিনি সুন্দর বাংলাদেশ গড়তে সাম্প্রদায়িক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মব সহিংসতা বন্ধ এবং জঙ্গিবাদ নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।