গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় নবম শ্রেণিসহ বিভিন্ন শ্রেণির ৯ শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক।
জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুরে টিফিনের পর বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ওই স্লোগান দেয়। এ সময় কেউ একজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। পরে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনার পরদিন, ৭ অক্টোবর বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ ও ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে তদন্ত কমিটি প্রতিবেদন তৈরি করে। বুধবার (৪ নভেম্বর) প্রতিবেদনটি প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হলে অভিযুক্ত ৯ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক মো. জিয়াউল হক বলেন, গত ৬ অক্টোবর বিদ্যালয়ের ভেতরে কয়েকজন শিক্ষার্থী রাজনৈতিক স্লোগান দেয়। ঘটনার সময় তিনি নামাজে ছিলেন। পরে নামাজ শেষে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে মিছিলের বিষয়ে জানতে চাওয়া হয়। এরপর অন্য শিক্ষকদের কাছ থেকে বিষয়টি জেনে ঘটনার সত্যতা নিশ্চিত হন তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।