পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য জশনে জুলুস, আলোচনা সভা, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাআত ফেনী জেলা কমিটির উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গাউছিয়া কমিটি ফেনী জেলার উপদেষ্টা নুর নবী রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার খন্দকার নজরুল ইসলাম, সদস্যসচিব অধ্যক্ষ কাজী নুর আলম, যুগ্ম আহ্বায়ক মাওলানা মহি উদ্দিন এবং গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মো. শহীদ উল্লাহ পাটোয়ারী।
এ ছাড়া সংগঠনের উপদেষ্টা নুরুল আমিন চৌধুরী সবুজ, মাওলানা জাকির হোসেন চৌধুরী, যুগ্ম সদস্যসচিব হেলাল উদ্দিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা শাহিদুল হক বুলবুল, সদস্য সিরাজ উল্লাহসহ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও যুবসেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে গাউছিয়া কমিটির বিপুলসংখ্যক সদস্য কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভায় স্থানীয় আলেমরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদানের ওপর বক্তব্য দেন।
বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.) সর্বকালের শ্রেষ্ঠ মহামানব এবং সমগ্র মানবজাতির জন্য আল্লাহর বিশেষ রহমত। তাঁর আদর্শ ও চারিত্রিক গুণাবলি অনুসরণ করে শান্তি, সম্প্রীতি ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়। র্যালিটি কলেজ রোড, মিজান রোড, ট্রাংক রোড, খেজুর চত্বর ও বড় মসজিদ সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে ফেনী তাকিয়া মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এদিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উদ্যোগেও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পরে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।