চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংঘর্ষের পর ট্রাকের সামনের অংশে আটকে যাওয়া একটি প্রাইভেট কারকে প্রায় ২০০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে যায় ট্রাকটি। এ সময় পথচারীরা ট্রাকচালককে থামানোর চেষ্টা করলেও তিনি গাড়ি না থামিয়ে চলে যান।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের হাক্কানী পেট্রলপাম্পের পাশের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ওই সময় একটি প্রাইভেট কার ইউটার্নে ঘুরছিল। চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি ট্রাক এসে কারটিকে ধাক্কা দিলে সেটি ট্রাকের সামনের অংশের নিচে আটকে যায়। এরপর ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় আটকে থাকা গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে যান।
এ সময় সড়কে থাকা পথচারীরা ট্রাকটিকে থামানোর জন্য চিৎকার করতে থাকেন। দুর্ঘটনার দৃশ্যটি কেউ একজন ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
দুর্ঘটনায় প্রাইভেট কারটির বিভিন্ন অংশ দুমড়েমুচড়ে যায়। তবে গাড়িতে থাকা তানভীর হোসেন সামান্য আহত হয়েছেন। পরে স্বজনেরা তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যান।
কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মোবারক হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও প্রাইভেট কার দুটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ সময় ট্রাকচালক পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ট্রাকচালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।