
এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) আওতাধীন মণিরামপুর-নওয়াপাড়া সড়কটি উপজেলার ব্যস্ততম সড়ক হিসেবে পরিচিত। বছরান্তে কোটি কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কার করা হলেও ভবদহের প্রভাবে জলাবদ্ধতার শিকার হয়ে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া, সড়কটি মাছের ঘেরের ভেড়ি হিসেবে ব্যবহারের কারণে সেই ক্ষতি ত্বরান্বিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ দায়িত্বশীলদের কোনো মাথাব্যথা নেই বলে স্থানীয়দের অভিযোগ।

জানা যায়, মণিরামপুর-নওয়াপাড়া সড়কের হাজিরহাট বাজার পার হয়েই বিশাল একটি মাছের ঘের তৈরি করা হয়েছে। ঘেরের তিনদিকে ভেড়ি থাকলেও সড়কসংলগ্ন এই ঘেরের কোনো ভেড়ি নেই। সড়কটিই ঘেরের ভেড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে ঘেরসংলগ্ন সড়কের এক পাশ দেবে যাওয়ার চিত্র দৃশ্যমান। একই সঙ্গে সড়কের পাশের বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে গিয়ে ঘেরে পড়ছে।
ঘের মালিক সমীর কুমার হালদার বলেন, প্রায় সব ঘের মালিকই সড়ক ভেড়ি হিসেবে ব্যবহার করছেন। তিনি বছরে মাটি দিয়ে ভেড়ি উঁচু করেন বলে দাবি করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, সম্প্রতি তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।