স্থানীয় সরকার নির্বাচনে সেনা থাকবে না, বড় দায়িত্বে বিজিবি!

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত

2026-08-24T19:11:21+00:00
2026-08-24T19:11:21+00:00
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
জাতীয়
স্থানীয় সরকার নির্বাচনে সেনা থাকবে না, বড় দায়িত্বে বিজিবি!
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:১১ পিএম 
প্রতীকী ছবি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আগাম প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু করেছে কমিশন।

সোমবার (২৪ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর বৈঠকের পর বিষয়টি সামনে আসে।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা হচ্ছে। সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত আমরা প্ল্যান করছি না।’

অন্যদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদও স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে সরাসরি বলেন, ‘থাকবে না।’

আগাম প্রস্তুতির নির্দেশ বিজিবিকে

সিইসির সঙ্গে বৈঠকের পর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিজিবিকে আগাম প্রস্তুতি ও প্রশিক্ষণ শুরু করতে বলা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন আগেভাগেই বিজিবিকে প্রস্তুতির বিষয়ে নির্দেশনা দিয়েছে, যাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া যায়। প্রায় ২০ মিনিটের বৈঠকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়েছে।

বিজিবি প্রধান বলেন, এবার সেনাবাহিনী হয়তো নির্বাচনে সম্পৃক্ত নাও হতে পারে। সে ক্ষেত্রে বিজিবির ওপর বড় ধরনের দায়িত্ব থাকতে পারে।

নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত নয়

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে আইন-কানুন ও বিধি-বিধান সংশোধনসহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হচ্ছে।

ইসি ইতোমধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করে সংশ্লিষ্ট প্রস্তাব মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও আইনি বাধ্যবাধকতা পূরণে সরকারের সঙ্গে আলোচনা চলছে।

সিইসি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও ভালোভাবে আয়োজন করতে চায় কমিশন। বরং জাতীয় নির্বাচনের চেয়েও ভালো নির্বাচন করার লক্ষ্য রয়েছে।

পুলিশ-আনসারের সঙ্গেও আলোচনা

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্প্রতি পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে বৈঠক করেছে ইসি।

পুলিশের সঙ্গে বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন এবং নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

সিইসি জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা প্রয়োজন হবে। তাই এসব বাহিনীর প্রস্তুতিও গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: