মক্কা ডিফেন্স প্যাক্ট বা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে এ বিষয়ে এখনো কোনো অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, ‘মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে তো আমরা আগ্রহ প্রকাশ করছি। তবে এ বিষয়ে কোনো ডেভেলপমেন্ট নেই।’
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে কাজ করছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অংশীজন এবং মুসলিম বিশ্বের সংশ্লিষ্ট পক্ষগুলো বাংলাদেশের নেতৃত্বকে বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক উদ্যোগে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচকভাবে এগোচ্ছে।
মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের বিশেষ আবেগ ও সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যদি ইসলামিক দেশগুলোর মধ্যে কোনো ধরনের নিরাপত্তা বা প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো গড়ে ওঠে, সেখানে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক হবে না।
তিনি বলেন, ‘এটা ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশের আগ্রহ থাকলেও চুক্তিতে যোগদান বা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো হয়নি।