সারাদেশের গণপূর্ত অধিদপ্তরের কার্যভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ ও পেনশনের আওতায় আনার দাবিতে বরগুনায় অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন বরগুনা জেলা শাখা।
সোমবার (২৪ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা জানান, ৬০২ ও ৮৯৩ জনসহ প্রায় ১ হাজার ৫০০ কার্যভিত্তিক কর্মচারীকে নিয়মিতকরণের বিষয়ে দুটি ফাইল বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত এসব ফাইল অনুমোদনের দাবি জানান তারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়মিতকরণ প্রক্রিয়া ঝুলে থাকায় অনেক কর্মচারী ইতোমধ্যে মারা গেছেন এবং অনেকে অবসরে গেছেন। ফলে তারা বেতন ও পেনশনসহ প্রাপ্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অবসরপ্রাপ্ত কর্মচারীদের সরকারি বাসা ছাড়তে হওয়ায় তাদের অনেকেই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও দাবি করেন তারা।
বরগুনা জেলা গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সরোয়ার আলম বলেন, সুপ্রিম কোর্টের রিভিউ রায় এবং সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের মতামত কার্যভিত্তিক কর্মচারীদের পক্ষে রয়েছে। এরপরও নিয়মিতকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
তিনি দ্রুত কার্যভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ এবং পেনশনের আওতায় আনার দাবি জানান।
এদিকে একই দাবিতে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন।