চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় ২১৫ দশমিক ৫ পয়েন্ট পেয়ে দলটি শীর্ষস্থান অর্জন করে।
‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৩ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল, ‘দুর্নীতি দমনে রাষ্ট্রীয় আইনই যথেষ্ট’। এতে ১৯৯ দশমিক ৫ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবা ফেরদৌস।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, চাঁপাইনবাবগঞ্জ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসুদুল হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক রোকসানা খাতুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মো. তানভির আহমেদ সিদ্দীকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউল করিম বাবু, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. রওশনয়ারা এবং হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবিনা আনিসসহ সংশ্লিষ্টরা।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুর রহমান।