বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় জেলেদের বহরে হামলা চালিয়ে একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বন বিভাগ। সাগরে বৈরী আবহাওয়ার কারণে নিরাপদ আশ্রয়ের জন্য জেলেরা সুন্দরবনের ওই এলাকায় অবস্থান করছিলেন।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার এক জেলে মহাজন জানান, রাতে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অস্ত্র নিয়ে জেলেদের বহরে হানা দেয়। এ সময় তারা জেলেদের মারধর করে একটি ট্রলারসহ পাঁচজনকে জিম্মি করে নিয়ে যায়।
অপহৃত জেলেরা হলেন, শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০) ও রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান জানান, সাগরে বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি মাছ ধরার ট্রলার শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিল।
তিনি বলেন, শনিবার রাত ৮টার দিকে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের বহরে হানা দেয়। অস্ত্রের মুখে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরও দুই জেলেকে তুলে নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবন থেকে পাঁচ জেলেকে অপহরণের বিষয়টি কোস্ট গার্ড পশ্চিম জোনকে জানানো হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় সহায়তার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এ ঘটনায় সুন্দরবনের জেলে ও মাছ ধরার ট্রলার মালিকদের মধ্যে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।