চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকায় মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন। তিনি জানান, গ্রেপ্তার আটজনের মধ্যে মামলার এজাহারভুক্ত ১, ২ ও ৩ নম্বর আসামিও রয়েছেন।
র্যাব সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করতে নজরদারি শুরু করা হয়। পরে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় চান্দগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ সাকিব। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাকিব চান্দগাঁও থানার সিএমবি আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির নজুম উদ্দিনের ছেলে।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।