নিরাপদ আকাশপথ নিশ্চিত করতে দক্ষ জনবল গড়তে শুরু এটিসি বেসিক কোর্স

অনলাইন ডেস্ক

বিবিধ

দেশের আকাশপথে নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর বিমান চলাচল নিশ্চিত করতে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি) তৈরির লক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমিতে

2026-08-23T12:51:45+00:00
2026-08-23T12:58:55+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বিবিধ
নিরাপদ আকাশপথ নিশ্চিত করতে দক্ষ জনবল গড়তে শুরু এটিসি বেসিক কোর্স
অনলাইন ডেস্ক
রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:৫১ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ১২:৫৮ পিএম
সংগৃহীত ছবি

দেশের আকাশপথে নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর বিমান চলাচল নিশ্চিত করতে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি) তৈরির লক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমিতে শুরু হয়েছে এটিসি বেসিক কোর্স নম্বর-৩৬। ২৭ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মোট ১৪ জন প্রশিক্ষণার্থী।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় সিভিল এভিয়েশন একাডেমিতে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেবিচকের সদস্য (এটিএম) এয়ার কমডোর মোঃ নূর-ই-আলম, এএফডব্লিউসি, পিএসসি, এটিসি।

উদ্বোধনী বক্তব্যে এয়ার কমডোর মোঃ নূর-ই-আলম বলেন, বিমান চলাচল ব্যবস্থায় এয়ার ট্রাফিক কন্ট্রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল একটি কার্যক্রম। প্রতিদিন দেশের আকাশপথে বিভিন্ন গন্তব্যে অসংখ্য উড়োজাহাজ চলাচল করে। এসব উড়োজাহাজের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা, উড্ডয়ন ও অবতরণের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং আকাশপথের সার্বিক ব্যবস্থাপনা সুশৃঙ্খলভাবে পরিচালনায় প্রশিক্ষিত এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশের বিমান চলাচল খাতের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনবল গড়ে তুলতে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এটিসি বেসিক কোর্সের মতো প্রশিক্ষণ ভবিষ্যৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থী ও অতিথিদের স্বাগত জানান সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি বলেন, দেশের বিমান চলাচল ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও কার্যকর করতে দক্ষ এবং প্রশিক্ষিত জনবল অপরিহার্য। প্রশিক্ষণার্থীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেবিচকের পরিচালক (এটিএম) মো. সামছুল হক। এ সময় সিভিল এভিয়েশন একাডেমি ও বেবিচকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৪ প্রশিক্ষণার্থীর অংশগ্রহণ

এটিসি বেসিক কোর্স নম্বর-৩৬-এ মোট ১৪ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর আটজন এবং বেবিচকের ছয়জন কর্মকর্তা রয়েছেন।

প্রশিক্ষণার্থীরা আগামী ২৭ সপ্তাহে এয়ার ট্রাফিক কন্ট্রোল ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণের মাধ্যমে আকাশপথ ব্যবস্থাপনা, উড়োজাহাজের নিরাপদ চলাচল এবং নিয়ন্ত্রিত আকাশসীমায় কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন তারা।

বেবিচক সংশ্লিষ্টরা বলছেন, দেশের আকাশপথে বিমান চলাচলের পরিমাণ ও চাহিদা ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতিতে দক্ষ ও প্রশিক্ষিত এয়ার ট্রাফিক কন্ট্রোলার তৈরি করা বিমান চলাচলের নিরাপত্তা ও দক্ষতা বাড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। নিয়মিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষ জনবল গড়ে তোলা গেলে দেশের বিমান চলাচল ব্যবস্থাপনা আরও নিরাপদ, আধুনিক ও কার্যকর হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এটিসি বেসিক কোর্স-৩৬ থেকে প্রশিক্ষিত জনবল ভবিষ্যতে দেশের ক্রমবর্ধমান বিমান চলাচল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নিরাপদ আকাশপথ নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর অবদান রাখবে।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: