কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও আলোচনা সভার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে হোমনা উপজেলা গাউছিয়া কমিটি ও আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে এ আয়োজন করা হয়। সকাল ১০টায় হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে বিভিন্ন এলাকার শত শত মুসল্লি অংশ নেন।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোমনা কাদেরিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স মাঠে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় স্লোগান দেন এবং ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরেন।
পরে মাদ্রাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি মুফতি মোহাম্মদ আব্দুছ ছাত্তার ভূঁইয়া আল কাদেরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রঘনাথপুর দারুস সুন্নাত নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, ভাইস প্রিন্সিপাল ও হোমনা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, বিএনপি নেতা আবদুল লতিফ, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইয়া মুছা, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অহিদ মোল্লা, উপজেলা ইসলামি ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং উপজেলা যুব সেনার সভাপতি ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন।
আলোচনা সভা পরিচালনা করেন হোমনা উপজেলা ইসলামি ফ্রন্টের সহসভাপতি মাওলানা আব্দুছ ছালাম ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সেক্রেটারি মনিরুজ্জামান টিপু।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা তুলে ধরে তা অনুসরণের আহ্বান জানান।
পরে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আয়োজন শেষ হয়।