কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকায় রেললাইনের শোল্ডারে রেলওয়ের লাগানো ঘাস তুলে সবজি চাষের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকটি পরিবারের বিরুদ্ধে। এতে বর্ষার পানিতে শোল্ডারের মাটি সরে গিয়ে রেলপথের নিরাপত্তা হুমকিতে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের শোল্ডারের মাটি ক্ষয় রোধ ও রেলপথের স্থিতিশীলতা বজায় রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে ঘাস লাগিয়েছে। তবে পশ্চিম সিকদারপাড়ার ২ নম্বর ওয়ার্ডে স্থানীয় কয়েকটি পরিবার কোদাল দিয়ে ওই ঘাস তুলে শোল্ডারের জায়গায় বিভিন্ন ধরনের সবজির চারা রোপণ করেছে।
স্থানীয়দের অভিযোগ, ঘাস অপসারণের পর সাম্প্রতিক ভারী বর্ষণে শোল্ডারের মাটি ধুয়ে নিচের দিকে সরে যাচ্ছে। এতে রেললাইনের নিচের মাটি দুর্বল হয়ে রেলপথের স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না হলে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসী জানান, রেললাইনের শোল্ডার রক্ষায় লাগানো ঘাস মাটিকে বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া থেকে সুরক্ষা দেয়। সেখানে চাষাবাদ করায় মাটি আলগা হয়ে ক্ষয়ের মাত্রা আরও বাড়তে পারে। তাই বিষয়টি দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
তাদের দাবি, ঝুঁকিপূর্ণ স্থানটি রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পরিদর্শন করে শোল্ডার পুনরায় সুরক্ষিত করুক এবং রেলওয়ের জায়গায় অবৈধভাবে চাষাবাদ বন্ধে ব্যবস্থা নেওয়া হোক।
এতে একদিকে রেলপথের নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকিও কমানো সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।