বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত ও শপথ নেওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান তাঁকে অভিনন্দন জানান। বিবৃতিটি গণমাধ্যমে পাঠান হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
অভিনন্দন বার্তায় হেফাজতের নেতারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, ন্যায়বিচার, ইনসাফ ও জনকল্যাণের নীতি অনুসরণ করে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, ইসলামি মূল্যবোধ এবং আলেম-ওলামাদের মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্রপতি ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তাঁরা।
বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ইসলাম ও দেশের আলেম-ওলামাদের সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ ও সুন্দর হবে বলে তাঁরা আশা করেন। ধর্মীয় বিষয়ে আলেমদের মতামত ও পরামর্শ যথাযথ গুরুত্ব পাবে বলেও প্রত্যাশা তাঁদের।
তাঁরা আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশে ন্যায়, শান্তি, পারস্পরিক শ্রদ্ধা, ধর্মীয় সম্প্রীতি ও জনকল্যাণের পরিবেশ আরও সুদৃঢ় হবে।
রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং বিদেশি আগ্রাসন মোকাবিলায় রাষ্ট্রপতি সাহসী ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন হেফাজতের নেতারা।
রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও জোরদারে রাষ্ট্রপতি উদ্যোগী হবেন এবং ‘ফ্যাসিবাদী জালেম অপশক্তির’ মোকাবিলায় অভিভাবকের ভূমিকা পালন করবেন বলেও বিবৃতিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সবশেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন হেফাজতে ইসলামের আমির ও মহাসচিব। দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্রপতি হিসেবে তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন—এ জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তাঁরা।