
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের ভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুয়াগাঁও এলাকার নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের ভাটা এলাকায় ইটভাটার জন্য মাটি বহনকারী ট্রলি থেকে সড়কে মাটি পড়ে জমা হয়। পরে হঠাৎ হালকা বৃষ্টিতে ওই মাটি ভিজে পিচ্ছিল ও আঠালো কাদায় পরিণত হয়। এতে সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
বুধবার সন্ধ্যায় ওই পিচ্ছিল সড়ক দিয়ে চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল, বাইসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান উল্টে অন্তত ১০টি দুর্ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসক ও হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, নিয়মনীতি না মেনে অতিরিক্ত বোঝাই করে মাটি বহনকারী ট্রাক্টর চলাচলের সময় সড়কে মাটি ছড়িয়ে পড়ে। চালকেরা এ বিষয়ে উদাসীন থাকায় সামান্য বৃষ্টিতেই পাকা সড়কগুলো মরণফাঁদে পরিণত হচ্ছে।
স্থানীয় সচেতন মহল ও পথচারীরা অবিলম্বে সড়কে অবৈধভাবে মাটি ফেলা বন্ধ এবং পড়ে থাকা কাদা দ্রুত অপসারণে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।