দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা আবারও আলোচনায়। তবে এবার কোনো সিনেমা নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মাথা ন্যাড়া অবস্থার কয়েকটি ছবি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভাইরাল ছবিতে দেখা যায়, নয়নতারার মাথায় কোনো চুল নেই। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে, যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর সাফল্য কামনায় তিরুমালা মন্দিরে গিয়ে চুল বিসর্জন দিয়েছেন অভিনেত্রী।
তবে অনুসন্ধানে জানা গেছে, নয়নতারার মাথা ন্যাড়া করার খবরটি সত্য নয়। ভাইরাল ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ও সম্পাদিত।
জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে স্বামী বিগ্নেশ শিবানের সঙ্গে তিরুমালা মন্দিরে গিয়েছিলেন নয়নতারা। সে সময় তোলা তার আসল ছবিকেই সম্পাদনা করে মাথার চুল মুছে দেওয়া হয়েছে। ভাইরাল ছবিতে অভিনেত্রীর পোশাক, সবুজ ওড়না ও কানের দুলও ওই পুরোনো ছবির সঙ্গে মিলে যায়।
ফলে নয়নতারা তিরুমালায় গিয়ে মাথা ন্যাড়া করেছেন কিংবা ‘টক্সিক’ সিনেমার জন্য মানত করেছেন, এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
এদিকে নয়নতারাকে ঘিরে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ ‘টক্সিক’। যশ অভিনীত এই অ্যাকশন-গ্যাংস্টার ড্রামায় গুরুত্বপূর্ণ ‘গঙ্গা’ চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমায় যশের বোনের চরিত্রে অভিনয় করছেন নয়নতারা বলে জানা গেছে। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার যশের সঙ্গে পর্দা ভাগ করছেন তিনি।
সিনেমাটিতে নয়নতারা ছাড়াও কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো তারকারা অভিনয় করেছেন।
‘টক্সিক’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের মধ্যেই নয়নতারার মাথা ন্যাড়া হওয়ার ভুয়া ছবি ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত স্পষ্ট হয়েছে, এটি বাস্তব কোনো ঘটনা নয়; এআই প্রযুক্তির কারসাজিতেই তৈরি হয়েছে ভাইরাল ছবিগুলো।