অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রবিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান তিনি।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, ‘ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম।’ ডারউইন টেস্টে বাংলাদেশের এই জয় পুরো জাতির জন্য আনন্দ, গৌরব ও মর্যাদার বিষয়।
তিনি বলেন, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা, দলীয় সংহতি, সহনশীলতা এবং অসাধারণ পারফরম্যান্সের ফলেই এই স্মরণীয় জয় এসেছে। কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশি ক্রিকেটাররা যে ধৈর্য ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছেন, তা প্রশংসনীয়।
ডা. শফিকুর রহমান বাংলাদেশ জাতীয় দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমীদের আন্তরিক অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সুনাম ও মর্যাদা আরও বাড়াতে ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং দেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনবেন।
বিবৃতির শেষে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন জামায়াত আমির।