দেশের চলমান গ্যাস সংকট স্থায়ীভাবে কাটাতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আশা প্রকাশ করেন, অবকাঠামো নির্মাণ শেষ হলে আগামী দুই বছরের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্পকারখানায় গ্যাস সংকটের কারণে যে দুর্ভোগ তৈরি হয়েছে, তা দীর্ঘদিনের উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা। এ সংকট থেকে বের হতে গ্যাস আমদানি ও সরবরাহ অবকাঠামোর সক্ষমতা বাড়ানো জরুরি। এ জন্য এলএনজি আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। এই সময়টা শিল্পখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে জরুরি ভিত্তিতে কোনো বিকল্প সমাধান করা যায় কি না, সরকার সেটিও খতিয়ে দেখছে।
মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশটির ছোট আকারের এলএনজি পরিবহনকারী জাহাজগুলো বর্তমানে অন্যত্র কাজে নিয়োজিত রয়েছে। ফলে দ্রুত সেখান থেকে গ্যাস আমদানি করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে সাময়িকভাবে পরিস্থিতির উন্নতি করা যায় কি না, সে বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কর্মশালায় কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।