পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে আকস্মিকভাবে ত্রুটি শনাক্ত হওয়ার পর ইউনিটটির কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মেরামত শেষে ইউনিটটি চালু করতে অন্তত এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১ নম্বর ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ইউনিটটি চালুর জন্য প্রয়োজনীয় মেরামতকাজ চলছে। আগামীকালের (শনিবার, ১৫ আগস্ট) মধ্যে মেরামত শেষ করে ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। চালু হলে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।’
কেন্দ্র সূত্রে জানা গেছে, ১ নম্বর ইউনিটের স্থাপিত উৎপাদন সক্ষমতা ১২৫ মেগাওয়াট। তবে ত্রুটি দেখা দেওয়ার আগে ইউনিটটি জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল। ইউনিটটি বন্ধ হওয়ায় একই পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কমে গেছে।
এদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট সচল রয়েছে। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ ইউনিট থেকে বর্তমানে জাতীয় গ্রিডে প্রায় ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হচ্ছে।
অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিট দীর্ঘ সময় ধরে উৎপাদন বন্ধ রেখেছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।
৫২৫ মেগাওয়াট স্থাপিত ক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে নিয়মিত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে শুধু ৩ নম্বর ইউনিটে। ১ নম্বর ইউনিটের মেরামত দ্রুত শেষ করে সেটি উৎপাদনে ফিরলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।