আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমেদের দুটি মনোনয়নপত্র রয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, ‘মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।’
তিনি জানান, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। এ সময় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং প্রার্থীদের মনোনয়নপত্রে থাকা স্বাক্ষর যাচাই করবেন।
অলি আহমেদের দুটি মনোনয়নপত্রের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করব। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করব।’
এদিকে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে অলি আহমেদের দ্বিতীয় মনোনয়নপত্রও বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও সংসদ সদস্য কামাল হোসেন ইসি কার্যালয়ে গিয়ে এ মনোনয়নপত্র জমা দেন। এতে প্রস্তাবক ছিলেন এনসিপির মাহমুদা মিতু এবং সমর্থক ছিলেন জামায়াতের আবদুল বাতেন।
এর আগে সকালে অলি আহমেদের পক্ষে প্রথম মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা। ওই মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং সমর্থক ছিলেন এনসিপির আবদুল্লাহ আল আমিন।
তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের আয়োজন করা হচ্ছে।