হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড তথ্য শুমারির নিয়োগ নিয়ে বিক্ষোভের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীকে অফিসকক্ষে ঢুকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে বানিয়াচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগপ্রক্রিয়া নিয়ে ইউএনও মাহমুদা বেগম সাথী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সমালোচনা শুরু হয়।
এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী ও স্থানীয় জনতা। বিক্ষোভের একপর্যায়ে রেদুয়ান আহমেদ নামে এক যুবক ইউএনওর কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তিনি নিয়োগের ফল স্থগিতের দাবি জানিয়ে ইউএনওকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সচেতন নাগরিকদের অনেকে ঘটনাটিকে সরকারি কর্মকর্তাকে হেনস্তা ও সামাজিক অবক্ষয়ের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে নিন্দা জানান।
এদিকে বিক্ষোভের সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অফিস তালাবদ্ধ করে চলে যান বলে জানা গেছে। পরে ফ্যামিলি কার্ডের তথ্য শুমারির নিয়োগের ফল স্থগিত করা হয়েছে বলেও জানা যায়।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।