ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই তার একটি নতুন ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ। শনিবার (৮ আগস্ট) প্রকাশিত ভিডিওতে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলতে দেখা যায় তাকে।
ভিডিওতে মোজতবা খামেনিকে স্বাভাবিক ও সুস্থ দেখালেও এটি কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মেহর নিউজ। একই সঙ্গে ভিডিওটির সত্যতা এবং এতে থাকা ব্যক্তি মোজতবা খামেনিই কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে ইরানওয়্যার এক প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে দাবি করে, মোজতবা খামেনি ‘অত্যন্ত সংকটজনক অবস্থায়’ রয়েছেন, এমন আলোচনা ইরানের শাসকগোষ্ঠীর শীর্ষ পর্যায়ে ছড়িয়ে পড়েছে। কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করে।
এমনকি জেরুজালেম পোস্টকে দেওয়া এক সূত্রের বরাত দিয়ে তার মৃত্যুর আশঙ্কা নিয়েও মন্তব্য প্রকাশ করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি দেশটির সর্বোচ্চ নেতা হন। ওই হামলায় মোজতবাও আহত হয়েছেন এবং তার চেহারা বিকৃত হয়ে থাকতে পারে, এমন দাবি বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।
এরপর থেকে তাকে খুব কমই জনসমক্ষে দেখা গেছে। এমনকি গত মাসে তার বাবার শেষকৃত্যেও তিনি উপস্থিত ছিলেন না বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। নিরাপত্তাজনিত কারণে তিনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের পরিবর্তে মধ্যস্থতাকারী নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করছেন বলেও খবর প্রকাশিত হয়েছে।
মেহর নিউজের প্রকাশ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর এর সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট দাবি করেছে, ভিডিওটি নতুন নয়; বরং এটি পুরোনো ফুটেজ।
‘ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান’-এর নীতি পরিচালক জেসন ব্রডস্কি এক্সে দাবি করেছেন, ভিডিওটি যুদ্ধের আগের এবং মার্চ মাসেও এটি প্রচারিত হয়েছিল। কেন ইরানের রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট সংবাদমাধ্যম পুরোনো ভিডিও প্রকাশ করেছে, সে প্রশ্নও তুলেছেন তিনি।
এদিকে ‘মিডল ইস্ট ২৪’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের দাবি, ইরানের নাগরিকরাই ভিডিওটিকে পুরোনো হিসেবে শনাক্ত করেছেন। তাদের মতে, এটি কোমে মোজতবা খামেনির দেওয়া একটি পুরোনো বক্তব্যের ভিডিও।
তবে ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছে এবং এতে থাকা ব্যক্তি সত্যিই মোজতবা খামেনি কি না, এ বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফলে নতুন ভিডিও প্রকাশের পরও ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।