
ডারউইনে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টের এক দিন আগেই নিজেদের একাদশ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। অভিজ্ঞ তারকাদের সঙ্গে নতুন মুখের সমন্বয়ে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে রয়েছে তিন পেসার ও এক বিশেষজ্ঞ স্পিনার। পেস আক্রমণের নেতৃত্বে থাকছেন অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর সঙ্গী মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। স্পিনের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ নাথান লায়ন।
ডারউইন টেস্ট দিয়ে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কামিন্স, হ্যাজলউড ও লায়ন। গত বছরের ডিসেম্বরে অ্যাশেজে সর্বশেষ টেস্ট খেলেছিলেন কামিন্স। লায়নও সর্বশেষ মাঠে নেমেছিলেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে। আর হ্যাজলউডের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি।
ব্যাটিং লাইনআপেও থাকছে চমক। উসমান খাজার অবসরের পর টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা জেক ওয়েদারাল্ডকে ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে। এরপর থাকছেন মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথ। উইকেটের পেছনে গ্লাভস হাতে দায়িত্ব পালন করবেন অ্যালেক্স ক্যারি।
অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টার। ফলে মূল বোলারদের পাশাপাশি দলে রয়েছে বাড়তি বোলিং বিকল্প। একই সঙ্গে ব্যাটিংয়ের নিচের সারিতেও যথেষ্ট গভীরতা থাকছে অস্ট্রেলিয়ার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রেও দুর্দান্ত ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে সাত জয় নিয়ে ৮৭.৫০ শতাংশ সফলতায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। বিপরীতে চার নম্বরে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।
ডারউইনে প্রথম টেস্টের পর দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ম্যাকেতে, ২২ আগস্ট।
প্যাট কামিন্স (অধিনায়ক), জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।