ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গাঙ্গুলী পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক মাস ধরে সৌরভ গাঙ্গুলীকে নিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্যসংবলিত চিঠি পাওয়া যাচ্ছিল। শুরুতে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। তবে একই ধরনের চিঠি বারবার আসার পাশাপাশি সর্বশেষ চিঠিতে সরাসরি প্রাণনাশের হুমকি থাকায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার।
সোমবার বেঙ্গল ক্রিকেটের সভাপতির কার্যালয়ে সর্বশেষ চিঠিটি খোলা হয়। ইংরেজিতে লেখা ওই চিঠিতে সৌরভ গাঙ্গুলী ও তার পরিবারের সদস্যদের ‘শেষ করে দেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গাঙ্গুলী পরিবারের পক্ষ থেকে ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের নিরাপত্তা বিভাগকেও বিষয়টি জানানো হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে সৌরভ গাঙ্গুলীকে উদ্দেশ করে বিভিন্ন আপত্তিকর ও বিদ্বেষপূর্ণ বক্তব্যসংবলিত চিঠি আসছিল। শুরুতে এগুলোকে ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করা হয়েছিল। কিন্তু সর্বশেষ চিঠিতে সৌরভের পাশাপাশি তার স্ত্রী ডোনা গাঙ্গুলী এবং তার সঙ্গে কাজ করা ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও হুমকি দেওয়া হয়েছে।
চিঠিগুলোতে থাকা হুমকির ধরন নিয়ে পরিবারটি গুরুতরভাবে উদ্বিগ্ন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি এখন শুধু বিদ্বেষপূর্ণ মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং জীবন ও ব্যক্তিগত নিরাপত্তার সরাসরি হুমকিতে পরিণত হয়েছে। তাই দ্রুত তদন্ত ও পুলিশি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাঙ্গুলীর বাড়িতে কুরিয়ারের মাধ্যমে চিঠিগুলো পাঠানো হয়েছিল। পার্সেলে প্রেরকের নাম হিসেবে বেলঘরিয়ার বাসিন্দা অরুণ কুমারের নাম উল্লেখ করা হয়। চিঠিতে থাকা একটি ফোন নম্বরের সূত্র ধরেও তদন্ত চলছে। প্রাথমিক অনুসন্ধানে ‘ট্রুকলার’-এও একই নাম পাওয়া গেছে।
তবে চিঠিগুলো সত্যিই অরুণ কুমার পাঠিয়েছেন কি না, নাকি কেউ তার পরিচয় ব্যবহার করে এসব চিঠি পাঠিয়েছে—সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে সৌরভ গাঙ্গুলী, ডোনা গাঙ্গুলী এবং তাদের সঙ্গে কাজ করা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা। প্রয়োজনে গাঙ্গুলী পরিবারের নিরাপত্তা আরও বাড়ানো হবে কি না, সেটিও বিবেচনা করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে