দীর্ঘ অপেক্ষা ও হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে উঠতে আর বাছাইপর্ব খেলতে হবে না টাইগারদের।
বাংলাদেশের পাশাপাশি সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তানও। অন্যদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে এবারও পাড়ি দিতে হবে বাছাইপর্বের পথ। টানা তৃতীয়বার বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবীয়দের।
এবার বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই চলছিল। সেই দৌড়ে আফগানিস্তান সবার আগে টিকিট নিশ্চিত করে। এরপর র্যাংকিংয়ের হিসাব অনুযায়ী বাংলাদেশের জায়গাও নিশ্চিত হয়।
আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে থাকা দলগুলোর মধ্য থেকে নির্ধারিত দলগুলো সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আগে থেকেই বিশ্বকাপে থাকায় র্যাংকিংয়ের সমীকরণে সরাসরি জায়গা পাওয়ার সুযোগ তৈরি হয় বাংলাদেশের।
বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পরই বাংলাদেশের সমীকরণ অনেকটাই পরিষ্কার হয়ে যায়। ক্রিকইনফোর প্রতিবেদনে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া দলগুলোর তালিকায় বাংলাদেশের নামও নিশ্চিত করা হয়েছে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
এদিকে ৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের হাতে রয়েছে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে। তবে ওই দুই ম্যাচে জয় পেলেও র্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ নেই ক্যারিবীয়দের।
ফলে বাংলাদেশের বিশ্বকাপ টিকিট নিশ্চিত হওয়ার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বাছাইপর্ব খেলার বিষয়টিও নিশ্চিত হয়ে গেছে।
এটি বাংলাদেশের জন্য স্বস্তির খবর। সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়ায় বাছাইপর্বের বাড়তি চাপ ছাড়াই এখন মূল আসরের প্রস্তুতিতে মনোযোগ দিতে পারবে টাইগাররা।