আর্জেন্টিনার ‘জামাই’ রোনালদো!

ক্রীড়া ডেস্ক

খেলা

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার বিয়েতে গড়াল ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের। পর্তুগালের সৈকতনগরী কাসকাইসে পারিবারিক পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন

2026-08-12T16:12:22+00:00
2026-08-12T16:12:22+00:00
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ১২ আগস্ট ২০২৬
খেলা
আর্জেন্টিনার ‘জামাই’ রোনালদো!
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:১২ পিএম 
ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ / ছবি এএফপি
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার বিয়েতে গড়াল ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের। পর্তুগালের সৈকতনগরী কাসকাইসে পারিবারিক পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই তারকা জুটি।

রোনালদোর প্রতিনিধিরা বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, একান্ত ব্যক্তিগত এ আয়োজনে দম্পতির পাঁচ সন্তানও উপস্থিত ছিল।

বিয়ের খবর প্রকাশ্যে আসে রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের মাধ্যমে। সেখানে জর্জিনার হাতের ওপর নিজের হাত রেখে অনামিকায় আংটি পরা অবস্থার ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে ভালোবাসার প্রতীকসহ ‘সি’ ও ‘জি’ অক্ষর ব্যবহার করেন পর্তুগিজ এই ফুটবল তারকা।

গত বছরের ১১ আগস্ট বাগ্‌দানের ঘোষণা দিয়েছিলেন জর্জিনা। অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করে তিনি রোনালদোর সঙ্গে বাগ্‌দানের খবর জানান। ঠিক এক বছর পর বিয়ের মাধ্যমে দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্ককে নতুন অধ্যায়ে নিয়ে গেলেন দুজন।

বিয়ের ভেন্যু নিয়ে ছিল জল্পনা

রোনালদোর বিয়ে কোথায় হবে, তা নিয়ে কয়েক দিন ধরে নানা গুঞ্জন চলছিল। পর্তুগিজ সংবাদমাধ্যমের খবরে সিনত্রা কিংবা রোনালদোর জন্মস্থান মাদেইরার নামও উঠে এসেছিল।

মাদেইরার ফুনশালের একটি গির্জায় বিয়ে হচ্ছে, এমন খবর ছড়িয়ে পড়লে সেখানে শত শত মানুষ জড়ো হন। পরে অবশ্য জানা যায়, ওই গির্জায় রোনালদো-জর্জিনার বিয়ের কোনো আয়োজন ছিল না।

শেষ পর্যন্ত লিসবন থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সমুদ্রতীরবর্তী শহর কাসকাইসকে বিয়ের স্থান হিসেবে বেছে নেন তারা। সেখানে রোনালদোর একটি ভিলাও রয়েছে।

‘প্রথম দেখাতেই প্রেম’

৩২ বছর বয়সী জর্জিনা রদ্রিগেজের জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। ২০১৬ সালে স্পেনের মাদ্রিদে গুচির একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তার পরিচয় হয়।

সেই পরিচয় দ্রুতই প্রেমে রূপ নেয়। জর্জিনা একে ‘প্রথম দেখাতেই প্রেম’ হিসেবে বর্ণনা করেছেন।

২০২৫ সালে ‘ভোগ অ্যারাবিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর সঙ্গে সম্পর্কের শুরুর সময়ের কথা বলতে গিয়ে জর্জিনা জানিয়েছিলেন, তার মনে হয়েছিল তারা যেন একে অপরকে বহুদিন ধরে চেনেন।

২০১৭ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো কোনো বড় অনুষ্ঠানে একসঙ্গে জনসমক্ষে হাজির হন তারা। একই বছর মে মাসে জর্জিনার সঙ্গে সম্পর্কের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন রোনালদো।

পাঁচ সন্তান, এক হৃদয়বিদারক স্মৃতি

রোনালদো-জর্জিনার পরিবারে রয়েছে পাঁচ সন্তান। রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র ২০১০ সালে জন্মগ্রহণ করেন। তার মায়ের পরিচয় কখনো প্রকাশ করেননি রোনালদো।

২০১৭ সালের জুনে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেওর বাবা হন তিনি। একই বছরের শেষ দিকে জর্জিনার কোলজুড়ে আসে অ্যালানা মার্টিনা।

২০২২ সালে জর্জিনা যমজ সন্তান বেলা ও অ্যাঞ্জেলের জন্ম দেন। তবে জন্মের কিছুক্ষণ পরই মারা যায় অ্যাঞ্জেল।

বিয়ের অনুষ্ঠানে সন্তানদের উপস্থিতি এই সম্পর্কের দীর্ঘ যাত্রাকে আরও আবেগঘন করে তোলে।

ফুটবলের বাইরেও তারকা জুটি

রোনালদো ও জর্জিনা শুধু ফুটবলপ্রেমীদের কাছেই পরিচিত নন; সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা বিশ্বের অন্যতম আলোচিত তারকা জুটি। বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের সম্মিলিত অনুসারীর সংখ্যা ৭৫ কোটির বেশি।

ফ্যাশন, হোটেল ব্যবসাসহ বিভিন্ন খাতে তাদের বিনিয়োগ রয়েছে। জর্জিনা আর্জেন্টিনায় জন্ম নেওয়ায় রোনালদোকে ঘিরে ভক্তদের অনেকে মজা করে তাকে ‘আর্জেন্টিনার জামাই’ বলছেন।

গোলের পর গোল, এবার জীবনের নতুন অধ্যায়

পেশাদার ক্যারিয়ারে রোনালদো ইতোমধ্যে ৯৭৬ গোল করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে দাপট দেখানোর পর বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি।

ক্যারিয়ারে পাঁচটি ব্যালন ডি’অর, পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপাসহ ইংল্যান্ড, স্পেন ও ইতালির ঘরোয়া লিগে শিরোপা জিতেছেন এই পর্তুগিজ মহাতারকা। পর্তুগালের হয়েও সবচেয়ে বেশি ম্যাচ ও গোলের রেকর্ড রয়েছে তার।

দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের অসংখ্য অর্জনের পর এবার ব্যক্তিজীবনে নতুন ইনিংস শুরু করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: