কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি? সন্দেহ কাটিয়ে এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও একদিন। ইতোমধ্যে গত রোববার নির্বাচন কমিশন কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলো বিএনপি। তবে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরামের (স্থায়ী কমিটি) একাধিক সদস্য জানিয়েছে, একক প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব এবং বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। আর এদিনই চূড়ান্ত প্রার্থীর নাম জানাবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির দলীয় প্রার্থীর বিষয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, প্রার্থী চূড়ান্ত করতে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে দল। আগামী ১৩ আগষ্ট প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করবেন। তখন আপনারা-আমরা সবাই একসঙ্গে জানব। তিনি বলেন, বিরোধী দল থেকে প্রার্থী দেওয়া হয়েছে। সুষ্ঠু, স্বচ্ছ, গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় এ নির্বাচন হচ্ছে। দলের সিদ্ধান্তের বাইরে এমপিরা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। কেউ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে।
এদিকে গত রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি। কোন ২ প্রার্থীর জন্য তারা মনোনয়ন সংগ্রহ করেছেন তা জানায়নি কেউ।
তবে রাজনৈতিক নেতারা অনেকে ধারণা করছেন, প্রার্থী চূড়ান্ত না হওয়ায় মির্জা ফখরুল ও হাফিজ উদ্দিনের জন্য ফরম তোলা হয়েছে। আবার কেউ মনে করছেন মির্জা ফখরুল ও মঈন খান। তবে সেদিনই বিএনপির একাধিক সূত্র জানিয়েছে দলের সিদ্বান্তে ২টি ফরম তোলা হয়েছে। কিন্তু আগামীকাল জমা দেওয়ার সময় একটি ফরমই জমা দেওয়া হবে। আর সেই মনোনীত ব্যাক্তি হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলীয় রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের পূর্ণ দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করেছিল। সেদিনই রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে চড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন নীতিনির্ধারকরা। জাতীয় সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।
নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া: নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। যদি প্রয়োজন হয়, তবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি একমাত্র বৈধ প্রার্থী হন, তবে সংসদে কোনো ভোটের প্রয়োজন হবে না এবং সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তার পদত্যাগের ফলে এই শীর্ষ পদটি শূন্য হয়। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দায়িত্ব পালন করছেন।