এক পাশে রং, ভিডিও ভাইরালের পর অন্য পাশেও কাজ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের ডিভাইডারের এক পাশে রং

2026-08-10T20:12:46+00:00
2026-08-10T20:12:46+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
এক পাশে রং, ভিডিও ভাইরালের পর অন্য পাশেও কাজ
চট্টগ্রাম ব্যুরো
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:১২ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের ডিভাইডারের শুধু এক পাশে রং ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের ডিভাইডারের এক পাশে রং ও পরিচ্ছন্নতার কাজ করা হয়। অন্য পাশ মলিন ও অপরিষ্কার থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে এ সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়লে সোমবার (১০ আগস্ট) সকাল থেকে ডিভাইডারের অপর পাশেও রং করার কাজ শুরু হয়েছে।

রবিবার চট্টগ্রাম সফরে এসে হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সড়কপথে নগরের কাজীর দেউড়িসংলগ্ন একটি হোটেলে যান তিনি।

স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য নির্ধারিত সড়কের পাশটিই দ্রুত পরিষ্কার করে ডিভাইডারে রং করা হয়। বিপরীত পাশটি অপরিষ্কার ও রংহীন রাখা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনা দেখা দেয়।

সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, হাটহাজারী থেকে অক্সিজেনমুখী সড়কের এক পাশে ডিভাইডারে রং করা হয়েছে এবং সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন। বিপরীত পাশে ডিভাইডারে রং না করার পাশাপাশি বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনাও পড়ে রয়েছে। তবে অক্সিজেন এলাকা থেকে ওই পাশের ডিভাইডারে রং করার কাজ শুরু করেছেন শ্রমিকরা।

চৌধুরী হাট এলাকার বাসিন্দা কাজী নুরুল আজম বলেন, ‘প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করি। দেখলাম, ডিভাইডারের এক পাশে রং করা হয়েছে, অন্য পাশে করা হয়নি। দুই পাশেই একসঙ্গে কাজ হলে সড়কটি আরও সুন্দর দেখাত।’

বালুচরা এলাকার বাসিন্দা মনসুর আলমের অভিযোগ, প্রধানমন্ত্রীর যাতায়াতের পথের পাশটিই গুরুত্ব দিয়ে পরিষ্কার ও রং করা হয়েছে। তিনি কাজের বরাদ্দ ও ব্যয়ের বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান।

তবে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী রঞ্জন কুমার বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রীর সফরের দুই থেকে তিন দিন আগেই সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হয়েছিল। বৃষ্টি ও নানা সমস্যার কারণে একসঙ্গে দুই পাশে কাজ করা সম্ভব হয়নি।

ভিডিও ভাইরালের পরই অপর পাশের কাজ শুরু হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুই পাশেই রং করার পরিকল্পনা শুরু থেকেই ছিল। নানা সমস্যার কারণে আগে করা সম্ভব হয়নি। ভিডিওর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও জানান, সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ খাতের অর্থ থেকেই এসব কাজ করা হচ্ছে। কাজ শেষ হলে মোট ব্যয়ের হিসাব জানা যাবে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, বৃষ্টির কারণে আগে দুই পাশে রং করা সম্ভব হয়নি। সোমবার সকাল থেকে অপর পাশেও রং করার কাজ শুরু হয়েছে।

চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দীন চৌধুরী বলেন, অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলমান রয়েছে। প্রায় এক মাস আগে সড়কের পাশের জঙ্গল পরিষ্কারের কাজ শুরু হয়। এরপর ব্রিজ-কালভার্ট পরিষ্কারসহ বিভিন্ন কাজ করা হয়েছে। বর্তমানে ডিভাইডারে রং করার কাজ চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: