এসএসসি ও সমমান পরীক্ষায় আবারও নজরকাড়া সাফল্য পেয়েছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটির ৩৮২ জন পরীক্ষার্থীর সবাই পাস করার পাশাপাশি অর্জন করেছে জিপিএ-৫।
চলতি বছর বিদ্যালয়টি থেকে বিজ্ঞান বিভাগে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের প্রত্যেকেই জিপিএ-৫ পাওয়ায় শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জনের অনন্য সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই পাবলিক পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এর আগে ২০২৫ সালেও প্রতিষ্ঠানটির ৩২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছিল।
বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, এসএসসির পাশাপাশি পিইসি ও জেএসসি পরীক্ষাতেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফল করেছে। ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতিবছরই বোর্ড পর্যায়ে সেরা প্রতিষ্ঠানগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে স্কুলটি।
২০১৭ সালেও প্রতিষ্ঠানটির ১৬৪ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিল। ২০১৮ সালে ১৩৯ জনের মধ্যে ১৩৭ জন, ২০১৯ সালে ১৭১ জনের মধ্যে ১৬৮ জন এবং ২০২০ সালে ২১৪ জনের মধ্যে ২০০ জন জিপিএ-৫ অর্জন করে।
২০২১ সালে ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৭ জন জিপিএ-৫ পায়। ২০২২ সালে ২৬৬ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করে।
২০২৩ সালে ২৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭০ জন এবং ২০২৪ সালে ২৯৪ জনের মধ্যে ২৯৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।
এরপর ২০২৫ সালে ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পাওয়ার পর এবারও ৩৮২ জনের সবাই একই সাফল্য ধরে রেখেছে।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই প্রতিবছর এমন সাফল্য অর্জন সম্ভব হচ্ছে।