
পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত সীমান্ত থেকে তমিজ উদ্দিন (৭৮) নামে এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে দীপঙ্কর গোপ (৩৫) নামে ভারতের এক নাগরিককে ধরে নিয়ে আসে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি নিয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো কোনো সমাধান হয়নি।
শনিবার সকালে সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তের মেইন পিলার ৭৪২-এর ১২ নম্বর সাব পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের একটি আখখেতে প্রবেশ করে আখ ভাঙার চেষ্টা করার সময় ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে ধরে নিয়ে আসেন তারা। দীপঙ্করের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানায়।
স্থানীয়রা জানান, গত বুধবার সকালে হারিয়ে যাওয়া গরু খুঁজতে বিরাজোত সীমান্ত এলাকায় যান কৃষক তমিজ উদ্দিন। পরে বিএসএফের চাউলহাটি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যান বলে অভিযোগ করেন তারা।
তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, আমার বাবা কানে কম শুনতে পান, ঠিকমতো চলতেও পারেন না। গরু খুঁজতে সীমান্তের কাছে গেলে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়।
এ ঘটনার পর শনিবার সকালে ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপ সীমান্তবর্তী এলাকায় চা বাগানে কাজ করার সময় বাংলাদেশের আখখেতে ঢুকে পড়েন। সেখানে আখ ভাঙার চেষ্টা করলে সীমান্তের বাসিন্দারা তাকে আটক করে নিয়ে আসেন। স্থানীয়দের দাবি, তমিজ উদ্দিনকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হলেই দীপঙ্কর গোপকেও ভারতের কাছে ফেরত দেওয়া হবে।