ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৮ আগস্ট) সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্তপথে ভারতীয় পণ্যের অবৈধ চালান প্রবেশের খবর পেয়ে ফেনী ব্যাটালিয়নের কয়েকটি দল ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। পরে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চকলেট, বিভিন্ন ধরনের প্রসাধনী, ক্রিম, পাউডার, ট্যাং কমলার জুস এবং একটি মোটরসাইকেল। বিজিবির হিসাবে উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
ফেনী বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, জব্দ করা পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
তিনি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে। অবৈধভাবে সীমান্ত পারাপার ও চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।