চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গ্রেফতার ওই আসামী হলেন, মো. জসিম ওরফে সিলেটি জসিম (৩৯)।
র্যাব জানায়, শনিবার (৮ আগস্ট) ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানার গ্যাসলাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জসিম চট্টগ্রামের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার সরাফত আলীর ছেলে।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জসিমকে ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, খুলশী থানার একটি ডাকাতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জসিম ভালুকা এলাকায় অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম ও ময়মনসিংহ ইউনিট র্যাবের একটি যৌথ দল ভালুকা মডেল থানার গ্যাসলাইন এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করে।