প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল ৯ আগস্ট ফটিকছড়ি সফরকে ঘিরে চট্টগ্রামের ফটিকছড়িতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
আজ শনিবার সকাল থেকেই ফটিকছড়ির বিভিন্ন সড়ক, প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় চলছে পুলিশি টহল ও তল্লাশি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন। তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন এলাকায় নেওয়া হয়েছে কর্মসূচি। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও সফরটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অনেকেই নির্ধারিত স্থানগুলোতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার প্রস্তুতি নিচ্ছেন।
সফরকে কেন্দ্র করে স্থানীয়দের প্রত্যাশার তালিকায় রয়েছে ফটিকছড়ির গুরুত্বপূর্ণ কয়েকটি উন্নয়ন দাবি। এর মধ্যে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করা, ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করা এবং সরকারি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তরের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রহমান জানান, প্রধানমন্ত্রী চট্টগ্রামে ৫ থেকে ৬টি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন। প্রতিটি ভেন্যুতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সঙ্গে সমন্বয় করে জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। পাশাপাশি র্যাব-৭-এর প্রয়োজনীয় সংখ্যক টিমও বিভিন্ন ভেন্যুতে মোতায়েন করা হয়েছে। সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফরের শুরুতে বাঁশখালী যাবেন। এরপর ফটিকছড়ি ও হাটহাজারী হয়ে চট্টগ্রামে আসবেন। প্রতিটি ভেন্যু পরিদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।
প্রশাসনের পক্ষ থেকে সফরকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফটিকছড়িতে এখন উৎসবের আবহের পাশাপাশি বিরাজ করছে কড়া নিরাপত্তা। একদিকে নেতাকর্মীদের বরণ প্রস্তুতি, অন্যদিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতায় সরগরম হয়ে উঠেছে পুরো জনপদ।