
শুক্রবার (৭ আগস্ট) অমিত রাই পরিচালিত ‘ওহ মাই ডগ’ মুক্তির আগে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিল সিনেমার সেই ‘সেলিব্রিটি’ সারমেয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। সেখানেই ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা।
বিশেষ প্রদর্শনীতে অংশ নেওয়ার আগে সারমেয়টির সঙ্গে ফটোশ্যুট করেন রাভিনা। মাটিতে হাঁটু গেড়ে বসে তার সঙ্গে ছবিও তোলেন অভিনেত্রী। কিন্তু ছবি তোলার পরপরই পরিস্থিতি বদলে যায়। উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলার সময় আচমকা রাভিনার পোশাকের হাতা কামড়ে ধরে কুকুরটি।
এরপর জোরে ঘেউ ঘেউ করতে করতে অভিনেত্রীর দিকে তেড়ে আসে সেটি এবং কামড় দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তবে এমন ঘটনায় আতঙ্কিত না হয়ে শান্ত থাকেন রাভিনা। বরং কাছে গিয়ে কুকুরটিকে আদর করার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন তিনি।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাভিনার সংযত আচরণের প্রশংসা করেছেন নেটিজেনরা। এক নেটিজেনের মন্তব্য, ‘প্রাণিদের প্রতি আপনার ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ রাভিনা ম্যাম।’ অপর একজন লিখেছেন, ‘এটাই একজন প্রকৃত প্রাণিপ্রেমীর পরিচয়।’
অভিনেত্রীর প্রশংসা করে আরেক নেটাগরিকের মন্তব্য, ‘এত মানুষের ভিড়ে কুকুরটি হয়তো ভয় পেয়ে গিয়েছিল। রাভিনা যেভাবে শান্তভাবে পরিস্থিতি সামলেছেন, তা সত্যিই প্রশংসনীয়।’ রাভিনা ট্যান্ডনের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এক অনুরাগী লিখেছেন, ‘তিনি কতটা শান্ত ও সংযত! তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেলো।’