
চিকিৎসাসেবার গুণগত মান বাড়াতে হলে চিকিৎসকদের মধ্যে রোগীর প্রতি মানবিকতা ও সেবার মনোভাব থাকা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পেশাগত দায়িত্ব পালনের সময় চিকিৎসকদের রোগীদের প্রতি সহানুভূতিশীল ও সেবামুখী আচরণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, চিকিৎসা পেশা কেবল জীবিকা বা চাকরির বিষয় নয়; মানুষের জীবন ও কল্যাণের সঙ্গে এ পেশার সরাসরি সম্পর্ক রয়েছে। সে কারণে চিকিৎসকদের মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। সেবার মনোভাব না থাকলে প্রত্যাশিত মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যাতে তাদের পেশাগত দায়িত্ব পালনে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে, সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দায়িত্ব পালনের সময় চিকিৎসকদের পেশাগত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে। জ্বালানি সংকট মোকাবিলা এবং পরিস্থিতির উন্নয়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।
এর আগে অনুষ্ঠানের সূচনাপর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে একটি করে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।