
২০১৫ সাল থেকে চুল না কেটে লম্বা করেছেন রেণু ধারিয়াল। এবার ৮ ফুট ১০ ইঞ্চি দীর্ঘ চুল নিয়ে ‘জীবিত নারীর সবচেয়ে লম্বা চুল’ ক্যাটাগরিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন ভারতের এই নারী।
ভারতের রেণু ধারিয়ালের চুলের দৈর্ঘ্য এখন ৮ ফুট ১০ ইঞ্চি। ২০১৫ সাল থেকে চুল না কাটার সিদ্ধান্তের পর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে যত্ন নিয়ে চুল বড় করেছেন তিনি। এর স্বীকৃতি হিসেবে ‘জীবিত নারীর সবচেয়ে লম্বা চুল’ বিভাগে নতুন রেকর্ড গড়েছেন রেণু।
রেণুর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ইউক্রেনের আলিয়া নাসিরোভা। তার চুলের দৈর্ঘ্য ছিল ৮ ফুট ৫ দশমিক ৩ ইঞ্চি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে রেণু জানান, ২০১৫ সাল থেকেই তিনি নিয়মিত চুল লম্বা করে আসছেন। ভারতীয় সংস্কৃতিতে লম্বা চুলকে সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে দেখা হয়। এই বিশ্বাস থেকেই চুল বড় করার অনুপ্রেরণা পেয়েছেন তিনি।
তবে ৮ ফুটের বেশি লম্বা চুলের পরিচর্যা মোটেও সহজ নয়। চুল ধোয়া এবং জট ছাড়ানোর কাজেই রেণুকে ঘণ্টার পর ঘণ্টা সময় দিতে হয়। তার কাছে চুলের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ধরে নিয়মিত পরিচর্যা করা।
চুল ভালো রাখতে রাসায়নিক উপাদানযুক্ত পণ্য ব্যবহার থেকে বিরত থাকেন রেণু। এর পরিবর্তে তিনি নিজেই তৈরি করেন রাসায়নিকমুক্ত চুলের তেল ও শ্যাম্পু। এসব পণ্য কীভাবে তৈরি করতে হয়, সেই পদ্ধতিও নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেন তিনি।
এদিকে, ‘সবচেয়ে লম্বা চুল (নারী)’ ক্যাটাগরিতে সর্বকালের রেকর্ড এখনো চীনের শিয়ে ছিউপিংয়ের দখলে। ২০০৪ সালে তার চুলের দৈর্ঘ্য মাপা হয়েছিল ১৮ ফুট ৫ দশমিক ৫৪ ইঞ্চি।