ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দাবি করেছেন, জুলাই আন্দোলনের শুরু থেকে রাজপথে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তবে বিএনপি ও জামায়াত ওই আন্দোলনে অংশ নেয়নি। আন্দোলন সফল হওয়ার পর বিভিন্ন দল নিজেদের কৃতিত্ব দাবি করছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৫ আগস্ট) বিকেলে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো গোপন সমঝোতা বা চুক্তির মাধ্যমে নয়, সরাসরি রাজপথে থেকে আন্দোলন করেছে। তিনি দাবি করেন, বিএনপি ও জামায়াতের দৃশ্যমান কোনো অংশগ্রহণ বা বিবৃতি সে সময় ছিল না।
তিনি আরও বলেন, আন্দোলনের সময় দলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন। একই সঙ্গে বর্তমান সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘাতের ঘটনাও উল্লেখ করে ফয়জুল করীম বলেন, রাজনৈতিক বিরোধ সংসদে সমাধান করা উচিত, ক্যাম্পাসে সংঘর্ষ বা শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করার মতো ঘটনা গ্রহণযোগ্য নয়।
সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ না হলে এবং অন্যায়-অবিচার চলতে থাকলে আবারও আন্দোলন গড়ে উঠতে পারে।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মাদ লোকমান হাকিম। সমাবেশ শেষে নগরীতে একটি গণমিছিল বের করা হয়, যার নেতৃত্ব দেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।