চট্টগ্রাম মহানগরের কয়েকটি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পার্কিং ব্যবস্থা, অনুমোদিত নকশা ও ভবন ব্যবহারে অনিয়ম পেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিচালিত এক অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পার্কভিউ, ইবনে সিনা ও ডেল্টা হাসপাতাল এবং চট্টগ্রাম গ্রামার স্কুল ও আইডিয়াল হাই স্কুলের পার্কিং ব্যবস্থা, ড্রপিং বে, অনুমোদিত নকশা ও ভবনের ব্যবহার যাচাই করা হয়। পরিদর্শনে কয়েকটি প্রতিষ্ঠানে অনুমোদিত নকশা ও বাস্তব ব্যবহারের মধ্যে অসঙ্গতি, পার্কিং সংকট এবং বিভিন্ন অনিয়মের চিত্র পাওয়া যায়।
অভিযান শেষে সিডিএ চেয়ারম্যান বলেন, সব প্রতিষ্ঠানকে এক মাস সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পার্কিং ব্যবস্থার উন্নয়নসহ যানজট কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে স্কুল বাস চালুর উদ্যোগ নিতে হবে এবং প্রয়োজন হলে স্থায়ী ও উপযুক্ত ক্যাম্পাসে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করতে হবে।
তিনি বলেন, হাসপাতাল মালিক, স্কুল কর্তৃপক্ষ, সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। নগরকে বাসযোগ্য রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিদর্শনে চট্টগ্রাম গ্রামার স্কুলের চট্টেশ্বরী ক্যাম্পাসে দেখা যায়, আবাসিক ভবনে পরিচালিত এ ক্যাম্পাসের অনুমোদিত নকশায় ২৬টি পার্কিং স্থানের উল্লেখ থাকলেও বাস্তবে রয়েছে মাত্র একটি। অন্যদিকে, চট্টগ্রাম আইডিয়াল হাই স্কুল বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে পরিচালিত হচ্ছে। স্কুলের পার্কিং এলাকায় নিজস্ব মাইক্রোবাস রাখা অবস্থায় পাওয়া যায়। সিডিএ কর্তৃপক্ষ ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্ব বাড়ানো এবং ব্যক্তিগত গাড়ির পরিবর্তে স্কুল বাস ব্যবহারের পরামর্শ দেয়।
পার্কভিউ হাসপাতালে পরিদর্শনে দেখা যায়, অনুমোদিত নকশা অনুযায়ী ড্রপিং বে ২০ ফুট হওয়ার কথা থাকলেও বাস্তবে তা প্রায় ১৫ ফুট। এতে যান চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। হাসপাতালের পার্কিং এলাকায় রোগীদের গাড়ির পরিবর্তে সিলিন্ডার ও বিভিন্ন মালামাল রাখা ছিল। এসব সরিয়ে পার্কিং চিহ্ন, দিকনির্দেশনা ও টোকেন ব্যবস্থা চালুর নির্দেশনা দেওয়া হয়।
ইবনে সিনা হাসপাতালে অনুমোদিত নকশা দেখানোর জন্য আগেই বলা হলেও পরিদর্শনের সময় কর্তৃপক্ষ তা উপস্থাপন করতে পারেনি। সরেজমিনে দেখা যায়, সিডিএর আবাসিক প্লটের মধ্যে নির্মিত ভবনটিতে নকশা অনুযায়ী ২০টি পার্কিং স্থানের কথা থাকলেও বাস্তবে তিন থেকে চারটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। সেখানে কোনো ড্রপিং বে-ও পাওয়া যায়নি।
ডেল্টা হাসপাতালে কোনো কার্যকর পার্কিং সুবিধা পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগে থেকে অবহিত না করায় তারা অনুমোদিত নকশা প্রস্তুত রাখতে পারেনি। পরিদর্শনে ড্রপিং বে, সেটব্যাক ও নির্ধারিত পার্কিং ব্যবস্থার ঘাটতি দেখা যায়। পার্কিং এলাকায় সিলিন্ডারসহ বিভিন্ন সামগ্রী রাখা ছিল এবং পার্কিং ব্যবস্থাপনায় কোনো নির্দেশনা বা চিহ্নও ছিল না।