বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামে হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধূকে (৩৮) ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক মুসলিম যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গৃহবধূর স্বামী প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বের হন। স্বামীকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির পাশেই ওঁৎ পেতে থাকা একই গ্রামের মৃত আক্কাছ আলী দেওয়ানের ছেলে মাসুদ দেওয়ান (৩২) হঠাৎ ওই গৃহবধূকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন।
ভুক্তভোগীর চিৎকারে তার স্বামী ও আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটকানোর চেষ্টা করলে তিনি কৌশলে পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।
ঘটনার পর বুধবার (৫ আগস্ট) সকালে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে আদমদীঘি থানায় মাসুদ দেওয়ানকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।