শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে একটি চোরাকারবারি চক্র বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পানিহাটা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ওষুধের চালান ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা ওষুধগুলোর আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালানি পণ্য ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত সুরক্ষা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।