চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) তীব্র গ্যাস সংকটের কারণে দেশের অন্যতম বড় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপের ৯টি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এতে প্রায় ১৮ থেকে ২২ হাজার শ্রমিক-কর্মচারী সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়েছেন।
বুধবার (৫ আগস্ট) প্যাসিফিক জিন্স গ্রুপের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কারখানার উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে সুইং, ওয়াশিংসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে স্বাভাবিক উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত উৎপাদনসহ সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মানবসম্পদ ও প্রশাসন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
সিইপিজেডের নির্বাহী পরিচালক মহিউদ্দিন বিন মেজবা জানান, কয়েক দিন ধরে গ্যাস সংকটের কারণে ইপিজেডের বিভিন্ন কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব কারখানায় সমানভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করছে।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ থাকলে আন্তর্জাতিক ক্রেতাদের নির্ধারিত সময়ে পণ্য সরবরাহে সমস্যা তৈরি হতে পারে। এর ফলে ক্রয়াদেশ বাতিল, অতিরিক্ত খরচ এবং দেশের রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে শ্রমিক নেতারা বলছেন, কয়েক দিনের ছুটিও নিম্ন আয়ের শ্রমিকদের জন্য বড় সংকট তৈরি করে। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল অনেক শ্রমিকের সংসার চালানো, বাসাভাড়া ও প্রয়োজনীয় খরচ মেটাতে সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে।
ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টদের দাবি, দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত তৈরি পোশাক শিল্পের উৎপাদন সচল রাখতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা জরুরি। দীর্ঘমেয়াদি গ্যাস সংকট হলে শিল্প উৎপাদন, বিনিয়োগ ও জাতীয় অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।