ঘণ্টায় প্রায় ৫ হাজার ৪০০ মাইল (প্রায় ৮ হাজার ৭০০ কিলোমিটার) বেগে ছুটে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের একটি বিচ্ছিন্ন অংশ চাঁদে আঘাত হেনেছে। বাংলাদেশ সময় বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে এ সংঘর্ষ ঘটে। তবে ঘটনাটি সরাসরি ধারণ করার মতো অবস্থানে চাঁদের কক্ষপথে থাকা কোনো মহাকাশযান না থাকায় সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করতে বিজ্ঞানীদের কিছুটা সময় লাগবে।
বিবিসি ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যালকন ৯ রকেটের প্রায় পাঁচতলা ভবনের সমান এবং প্রায় ৪ হাজার কেজি ওজনের ওপরের অংশটি চাঁদের উত্তর গোলার্ধের আইনস্টাইন ক্রেটারের কাছাকাছি এলাকায় আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের আগে ও পরের উচ্চ রেজোলিউশনের ছবি বিশ্লেষণ করে এর প্রভাব নির্ধারণ করবেন বিজ্ঞানীরা।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সংঘর্ষ পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করে না এবং খালি চোখে দেখাও সম্ভব নয়। তবে চাঁদের পৃষ্ঠে বড় কোনো বস্তু আঘাত করলে কী ধরনের পরিবর্তন ঘটে, তা পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
নাসার মুখপাত্র জিমি রাসেল জানিয়েছেন, গবেষণার স্বার্থে সম্ভাব্য আঘাতস্থল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। নাসার সায়েন্স অ্যান্ড ড্রাগন প্রোগ্রামের পরিচালক জুলিয়ানা স্কেইমান জানান, সাধারণত ফ্যালকন ৯-এর দ্বিতীয় ধাপকে নিরাপদ কক্ষপথে সরিয়ে নেওয়া হয়। তবে এবার সৌর কার্যকলাপ ও মহাকর্ষীয় শক্তির সম্মিলিত প্রভাবে রকেটের অংশটি চাঁদের দিকে চলে যায় এবং শেষ পর্যন্ত সেখানে আঘাত হানে।