সেলিব্রিটি বা জনপরিচিত ব্যক্তি না হলেও এখন বিনামূল্যেই ফেসবুকে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার সুযোগ মিলবে। ভুয়া অ্যাকাউন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয়ের বিস্তার ঠেকাতে নতুন পরিচয় যাচাই ব্যবস্থা চালু করছে মেটা। এতে ব্যবহারকারী একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি জমা দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করতে পারবেন এবং সফল যাচাই শেষে পাবেন নতুন ভেরিফায়েড ব্যাজ।
এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে ভুয়া প্রোফাইল, বাস্তবসম্মত ছবি এবং মানুষের মতো কথোপকথন তৈরি করা এখন অনেক সহজ। ফলে প্রকৃত ব্যবহারকারী ও কৃত্রিমভাবে তৈরি অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য করা দিন দিন কঠিন হয়ে উঠছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ভেরিফিকেশন পদ্ধতি চালু করছে মেটা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি ধারণ করতে হবে। এরপর সেটি অ্যাকাউন্টের বর্তমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। যাচাই সফল হলে ব্যবহারকারীর প্রোফাইলে যুক্ত হবে নতুন ফেসবুক ভেরিফায়েড ব্যাজ। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে হবে এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যেই যাচাইয়ের ফল জানা যাবে।
তবে শুধু ভিডিও সেলফি জমা দিলেই ব্যাজ পাওয়া যাবে না। ভেরিফিকেশনের জন্য অ্যাকাউন্টকে ফেসবুকের নির্ধারিত নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। পাশাপাশি ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং কমিউনিটি স্ট্যান্ডার্ডসহ প্রতারণা ও বিভ্রান্তিকর কর্মকাণ্ডবিরোধী নীতিমালা মেনে চলতে হবে।
প্রাথমিকভাবে এই ভেরিফায়েড ব্যাজ ব্যবহারকারীর ফেসবুক প্রোফাইল, মার্কেটপ্লেস, ফেসবুক ডেটিং এবং বিভিন্ন গ্রুপে প্রদর্শিত হবে। ভবিষ্যতে এটি ফিড পোস্টেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মেটা।
মেটার ভাষ্য, এআই প্রযুক্তির কারণে ভুয়া ছবি, কৃত্রিম প্রোফাইল ও প্রতারণামূলক পরিচয় তৈরি করা আগের যেকোনো সময়ের তুলনায় সহজ হয়ে গেছে। তাই ব্যবহারকারীরা যেন সহজেই বুঝতে পারেন কোনো অ্যাকাউন্টের পেছনে সত্যিকারের একজন মানুষ রয়েছেন কি না, সেই লক্ষ্যেই এই নতুন ভেরিফায়েড ব্যাজ চালু করা হচ্ছে।
তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তি, মতামত বা কার্যক্রমের প্রতি ফেসবুকের সমর্থনের প্রতীক নয়। এটি শুধু নিশ্চিত করবে যে সংশ্লিষ্ট ব্যবহারকারী ভিডিও সেলফির মাধ্যমে পরিচয় যাচাই সম্পন্ন করেছেন। ভেরিফায়েড ব্যাজ পাওয়ার পরও ব্যবহারকারীদের মেটার সব নীতিমালা ও কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে।
মেটা জানিয়েছে, ধাপে ধাপে বিভিন্ন দেশে এই সুবিধা চালু করা হবে। ভবিষ্যতে আরও বেশি ব্যবহারকারীর জন্য এই সেলফি-ভিত্তিক ভেরিফিকেশন ব্যবস্থা উন্মুক্ত করা হবে।