দীর্ঘদিন ধরে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লিকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা গেলেও এবার সেই জল্পনার ইতি টানলেন অসি তারকা। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রীতির সঙ্গে তার সম্পর্ক কখনোই বন্ধুত্বের বাইরে যায়নি।
সম্প্রতি বম্বে টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, তিনি কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে কখনো প্রেমের সম্পর্কে জড়াননি। প্রীতি জিনতার প্রসঙ্গ টেনে তিনি জানান, আইপিএলে একসঙ্গে কাজ করার সুবাদে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, যা আজও অটুট রয়েছে। প্রীতিকে তিনি অত্যন্ত বুদ্ধিমতী ও সম্মানিত একজন মানুষ বলেও উল্লেখ করেন।
২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে ব্রেট লি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলতেন। সে সময় দলের সহ-মালিক প্রীতি জিনতার সঙ্গে তাকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ায় প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর জল্পনা আরও বাড়ে। তবে তখনও প্রীতি জিনতা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, তারা কেবলই ভালো বন্ধু।
বর্তমানে দুজনই নিজ নিজ পরিবার ও পেশাগত জীবন নিয়ে ব্যস্ত। ব্রেট লি স্ত্রী লানা অ্যান্ডারসনের সঙ্গে সংসার করছেন। অন্যদিকে প্রীতি জিনতা স্বামী জিন গুডএনাফকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। অভিনয় থেকেও দীর্ঘ বিরতির পর শিগগিরই নতুন সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বহু বছরের পুরোনো প্রেমের গুঞ্জনকে এবার সরাসরি নাকচ করে ব্রেট লি জানিয়ে দিলেন—প্রীতি জিনতা তার ভালো বন্ধু, এর বেশি কিছু নয়।