হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শারমিন আক্তারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি, তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না, ফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিরুন্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পুত্রবধূ হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে নিজের সুবিধামতো দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি হাজিরা খাতায় স্বাক্ষর করলেও অনেক সময় শ্রেণিকক্ষে পাঠদান না করে বিদ্যালয় ত্যাগ করেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রথমে জানান, তিনি বিদ্যালয়ের অফিসেই আছেন। তবে প্রতিবেদক অফিস কক্ষ থেকে কথা বলছেন জানানো হলে তিনি বলেন, অসুস্থ থাকায় পাশের একটি বাড়িতে অবস্থান করছেন।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, এভাবেই দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কার্যক্রম চলছে। সরেজমিনে উপস্থিত শিক্ষার্থীদের কাছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিয়মিত বিদ্যালয়ে আসেন কি না জানতে চাইলে তারা জানায়, শারমিন স্যার নিয়মিত আসেন না।
একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধান শিক্ষক স্কুলে আসেন না। আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়শ্রী দেবনাথ জানান, বিদ্যালয়ে বর্তমানে ২৫৫ জন শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছেন পাঁচজন। ২০২৩ সাল থেকে প্রধান শিক্ষকের পদটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিয়মিত উপস্থিত না থাকায় বাকি চারজন শিক্ষকই পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার অবস্থা খারাপ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতিও তুলনামূলক কম।
প্রতিবেদকের দাবি, সরেজমিনে অনুসন্ধান শেষে মুঠোফোনে যোগাযোগ করলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
এ বিষয়ে লাখাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দীন বলেন, জিরুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শারমিন আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে এর আগে তাকে শোকজ করা হয়েছে। নির্ধারিত সময়ে তিনি জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।