নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনের এক মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখ্য সংগঠক অভিজিত দিপকে স্পষ্ট ভাষায় বলেছেন, দিল্লির যন্তর মন্তরে চলা তাদের আন্দোলনের সঙ্গে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলন বা নেপালের আন্দোলনের কোনো তুলনা হয় না। তার দাবি, এ ধরনের তুলনা করা হচ্ছে আন্দোলনকে বিতর্কিত করার উদ্দেশ্যে।
সোমবার (৩ আগস্ট) বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিত দিপকে বলেন, বাংলাদেশ ও নেপালের আন্দোলনের সঙ্গে আমাদের আন্দোলনের তুলনা করে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। আমরা এক নই।
এর আগে কলকাতায় এক অনুষ্ঠানে তসলিমা নাসরিন সিজেপির আন্দোলনের একটি ভিডিও দেখে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের কথা মনে পড়ার কথা বলেন। তিনি দাবি করেন, সে সময় ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছিল এবং শেষ পর্যন্ত সরকারের পতন ঘটে।
তসলিমার সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে অভিজিত বলেন, জাতীয় নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিরুদ্ধে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনই সিজেপির মূল লক্ষ্য। তিনি জানান, দেশজুড়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদ ও তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে সিজেপি। টানা আন্দোলনের পর ২৫ জুলাই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তবে নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকেও তারা মেনে নিচ্ছে না। ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ না দিলে আবারও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।